মাদারীপুরে অপহরণের পর সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার এক গৃহবধূকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা। এ ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিন জন মাদারীপুর শহরের পানিছত্র এলাকার ফারুক বেপারী (৪৬), মহিষেরচর এলাকার লিটন হাওলাদার (৪৯) ও তৈয়ব হাওলাদার (৪৮)।
র্যাব সূত্র জানায়, মঙ্গলবার পানিছত্র এলাকায় ভাড়া বাসায় বসবাসকারী এক গৃহবধূকে (২৮) অপহরণ করে সদর উপজেলার কলাবাড়ি এলাকায় ফারুক বেপারীর ভাড়া করা একটি বাড়িতে নিয়ে যায় ওই তিন অভিযুক্ত। এরপর সেখানে নিয়ে তারা ওই গৃহবধূকে তিন দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। অবরুদ্ধ ওই গৃহবধূ শুক্রবার কৌশলে বিষয়টি জানালে র্যাব অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার এবং ওই গৃহবধূকে উদ্ধার করে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ইফতেখারুজ্জামান জানান, নির্যাতনের শিকার ওই গৃহবধূ এবং আটক তিন জনকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূ নিজেই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।








