যশোরে বিদ্যুৎস্পৃষ্টে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম রাকিব উদ্দিন (৩০)। রবিবার (১ নভেম্বর) সকালে যশোর শহরের ঘোপ পিলু খান সড়কে নির্মাণাধীন একটি বাসায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
রাকিব চৌগাছার ফুলসারা গ্রামের রইচ উদ্দিন মোল্লার ছেলে।
নিহতের সহকর্মী রাজন, টিপু, আলতাফ সাংবাদিকদের জানিয়েছেন, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের ঘোপ পিলু খান সড়কের সৈয়দা ফারজানা পারভিনের নির্মাণাধীন তিনতলা বাড়িতে তারা কাজ করছিলেন। বাড়ির পলেস্তারার কাজের জন্যে বাঁশ দিয়ে ভারা বানাচ্ছিলেন রাকিব। হঠাৎ দেখতে পান, রাকিব ছটফট করছেন। তার হাতের বাঁশ ওপরে বিদ্যুতের তারে লেগে এ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে তারা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. শাহিনুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে।








