বিএনপি আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, একটি দল আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখায়। জনগণ রাজপথ লিজ দেয়নি। বিএনপি নেতাদের কেউ কেউ একটি সুযোগের অপেক্ষায় রয়েছেন। আমরা জানতে চাই, তারা কোন সুযোগের অপেক্ষায় রয়েছে। চোরাগলি দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে। বিএনপির সব ষড়যন্ত্রের জবাব আওয়ামী লীগের কাছে আছে। অপদখল থেকে কীভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে, আওয়ামী লীগও তা জানে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বসুরহাট পৌরসভা হলরুমে নিজ নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন, উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাত নেতার স্মরণ সভা এবং মৃত অস্বচ্ছল ত্যাগী নেতাকর্মীদের পরিবারকে অনুদান প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আসুন, সহযোগিতা করা হবে। রাজপথের আন্দোলনে বিএনপির সক্ষমতা কতটুকু ইতোমধ্যে দেশের জনগণ বুঝে গেছে। বিএনপি দেশের শান্তি ও স্বস্তি নষ্ট করে, স্থিতিশীলতার পরিবর্তে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এমন কোনও অপচেষ্টা নেই, যা তারা করছে না। মনে রাখবেন নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার বিকল্প কোনও পথ নাই। মুখে গণতন্ত্রের কথা বলে প্রকাশ্যে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চা করা রাজনৈতিক শিষ্টাচার নয়।
জনগণের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ক্ষমতা আজ আছে, কাল নেই। কচু পাতার শিশির বিন্দুর মতো। খারাপ আচরণ উন্নয়নকে ম্লান করে দেয়। তরুণ প্রজন্মের মধ্যে একটি প্রবণতা আছে, যে রাজনীতিতে নাম লিখিয়ে অর্থ উপার্জন করবে। রাজনীতিতে নেতারা হবে আদর্শ শিক্ষকের মতো। দেশপ্রেম থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনায় আরও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়েরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








