চুরি যাওয়ার তিন ঘণ্টার মধ্যে একটি অটোরিকশা উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ। এ সময় পুলিশ শামীম (৩০) নামের এক চালককে গ্রেফতার করেছে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (৭ ডিসেম্বর) সকালে ফতুল্লা বাজারের সামনে থেকে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা ট্রাস্টের মালিকানাধীন আয়াত-১ নামের অটোরিকশাটি একজন নারী ও একজন পুরুষ ভাড়া করে। তারা ফতুল্লায় এসে ড্রাইভার জিসানকে দোকান থেকে পুরি কিনে আনতে বলেন। ড্রাইভার পুরি কিনতে গেলে চোরেরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। চুরির পরপর অটোরিকশাটিকে বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর পারে নিয়ে যায় চোরেরা। সেখানে অটোরিকশাটি বিক্রির চেষ্টা চালায় তারা।
ট্রাস্টের ম্যানেজার ফরহাদ ঢালি বিষয়টি জানালে পুলিশ তৎপর হয়ে প্রযুক্তির মাধ্যমে অটোরিকশার অবস্থান বের করে। এসআই আসাদুজ্জামান তালুকদার ও এএসআই ওবায়দুর রহমান সেখানে অভিযান চালান। পরে চোর শামীমকে গ্রেফতার ও অটোরিকশাটি উদ্ধার করেন তারা।
মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা ট্রাস্টের ম্যানেজার ফরহাদ ঢালি জানান, চুরি হওয়ার সাড়ে তিন ঘণ্টার মধ্যে পুলিশ ট্রাস্টের অটোরিকশা উদ্ধার করেছে। পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।








