শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মোমবাতি প্রজ্বালন করে আলোর মিছিলসহ রাজশাহী কলেজের শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সেখানে শহীদদের স্মরণ করে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিজয় সুনিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙ্গালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে দেশ বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। বাংলাদেশ যেন কোনদিনই মাথা তুলে দাঁড়াতে না পারে, এজন্য এই ঘৃণ্য হত্যাকাণ্ড চালায় তারা।
তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
ডাবলু সরকার বলেন, যে উদ্দেশ্যে পাকিস্তানিরা দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে ভেবেছিল বাংলাদেশ কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদশে আজ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহীতে জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার দৌহিত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণার নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজশাহী মহানগর ছাত্রলীগের উদ্যোগে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে এ মোমবাতি প্রজ্বালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের প্রভাষক রিজভী আহম্মেদ ভূঁইয়া, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, সহসভাপতি পিয়ারুল ইসলাম পাপ্পু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ দ্বীপ, মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুম মুবীন সবুজ, জেনিথ, বরেন্দ্র কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সৌরভ শেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার ডন, সাংগঠনিক সম্পাদক এনায়েত রাজু, কর্মসূচি বিষয়ক সম্পাদক রানা, নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহী, রাজশাহী মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বাহারুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক নাবিল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি স্বদেশ, সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ ও মহানগর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।








