কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ সুবিধা মিলবে কবে?

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
১৬ ডিসেম্বর ২০২০, ১৮:২৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৯:০৮

কুড়িগ্রাম জেলা সদরের জেনারেল হাসপাতালের পুরনো ভবন। জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ কুড়িগ্রাম জেলায় সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে কোনও হাসপাতালে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের সুবিধা নেই। স্বাস্থ্য বিভাগ বলছে, জেলা হাসপাতালের নতুন ভবন নির্মাণ শেষ না হওয়া, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থার অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসকসহ অ্যানেসথেসিস্ট না থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও সহসাই আইসিইউ সুবিধা পাচ্ছেন না কুড়িগ্রামের রোগীরা। 

সংশ্লিষ্টরা বলছেন, যেখানে জেলার জেনারেল হাসপাতালেই আইসিইউ সুবিধা নেই সেখানে জেলার অন্যান্য হাসপাতালে এই সুবিধা প্রত্যাশা করা অবাস্তব। গুরুতর অসুস্থ কোনও রোগীর উন্নত চিকিৎসা সেবার জন্য ৫৫ কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে চলতি শীত মৌসুমে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে গেলেও রোগীদের নিবিড় পরিচর্যা সুবিধা নিয়ে সংকট থেকে যাচ্ছে। 

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই এ হাসপাতালে আইসিইউ সুবিধা নেই। পরবর্তীতে এটির শয্যা সংখ্যা বাড়িয়ে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক আর স্বাস্থ্যসেবার সংকটে ধুঁকে ধুঁকে চলছে হাসপাতালটি। চিকিৎসকের ৪২টি পদের বিপরীতে বর্তমানে ২১টি পদই শূন্য রয়েছে। রোগীদের জন্য নিবিড় পরিচর্যা সুবিধা দূরের কথা, এই ইউনিটের জন্য অন্তত চার জন অ্যানেসথেসিস্ট থাকা প্রয়োজন হলেও পুরো হাসপাতালে রয়েছেন মাত্র একজন অ্যানেসথেসিস্ট। এছাড়াও নেই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা।

সূত্র আরও জানায়, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ৫০ শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালটিকে পরবর্তীতে ২শ’ ৫০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে ২০১৩ সালের নভেম্বর থেকে ৩২ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলেও কয়েক দফা সময় বাড়িয়ে ৭ বছরেরও নির্মাণ কাজ শেষ হয়নি। ফলে আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলাবাসী। তাদের ভরসার এই হাসপাতালটি নানা সমস্যার কারণে নিজেই নিবিড় পরিচর্যার অভাবে ধুকছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবন।

জেনারেল হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আইসিইউ সংক্রান্ত সুবিধা আছে কিনা তা জানতে চাওয়া হলেও আইসিইউ সুবিধা বাড়াতে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কোনও নির্দেশনা দেওয়া হয়নি। ফলে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও সহসাই এই হাসপাতালে আইসিইউ সুবিধা প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নবীউর রহমান বলেন, ‘আমাদের কাছে শুধু জানতে চাওয়া হয়েছে আইসিইউ সুবিধা আছে কিনা, থাকলে কত বেডের। আমরা জানিয়েছি যে কুড়িগ্রাম হাসপাতালে আইসিইউ সুবিধাই নেই।’ 

জেলায় অন্তত ২০ বেডের আইসিইউ ইউনিট থাকা প্রয়োজন জানিয়ে এই চিকিৎসা কর্মকর্তা বলেন, ‘আইসিইউ সুবিধার জন্য প্রথম জরুরি অ্যানেসথেসিস্ট। কিন্তু আমাদের হাসপাতালে মাত্র একজন অ্যানেসথেসিস্ট রয়েছেন। এ অবস্থায় আইসিইউ স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ অ্যানেসথেসিস্টও নিয়োগ দেওয়া প্রয়োজন।’ 

জানতে চাইলে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, ‘জেলার কোনও হাসপাতালেই আইসিইউ সুবিধা নেই। জেনারেল হাসপাতালে এখনও সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম চালু করা সম্ভব হয়নি। সেটি হলে আমরা রোগীদের অন্তত হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিতে পারবো।’

এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, ‘আইসিইউ সুবিধা চালু করার জন্য আমরা কর্তৃপক্ষকে অবহিত করেছি। কর্তৃপক্ষ চাইলে সে সুবিধা চালু হতে পারে।’

তবে চিকিৎসকসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় ঠিক কত দিনে জেলার হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু করা সম্ভব হবে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান