নীলফামারীর ডোমারে লোভনীয় অফার দিয়ে সহস্রাধিক নারীর কাছে প্রায় ছয় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে ডোমার বাজার সমবায় সমিতি নামের একটি প্রতারক চক্র। সেই টাকা ফেরতের দাবিতে শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় বাজার রেলঘুন্টি মোড়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে কয়েকশ ভুক্তভোগী নারী। এরপর একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শহরে প্রায় এক কিলোমিটার যানজট লেগে যায়।
ভুক্তভোগী পারুল বেগম (৩০), সেফালী আক্তার (২০), উম্মে হাবিবা (৪৮) জানান, ৮০ হাজার টাকা সমবায় সমিতিতে জমা দিলে তিন দিন পর একটি ১৫০ সিসি মোটরসাইকেল দেয় এবং ১৫ দিন পর সেই টাকা ফেরতও দেয়। পরে ধীরে ধীরে কিস্তিতে ওই টাকা পরিশোধের সুযোগ আছে। এভাবে কয়েকজনকে বিভিন্ন সুবিধা দেয় প্রতারক চক্র। এরপর মাত্র দেড় মাসে হাজারের ওপরে সদস্য যুক্ত হয়। এতে প্রায় ছয় হতে সাত কোটি টাকা নিয়ে প্রতারকরা পালিয়ে যায়।
সমিতির সদস্য মারুফা আক্তার (২৫), শিরিনা বেগম (৩৩) বলেন, আমরা গরু-ছাগল বিক্রি করে সমিতিতে টাকা দেই। আমাদের টাকা নিয়ে প্রতারকরা পালিয়ে যায়। টাকা ফেরত না পাওয়ায় আমাদের অনেককে বাড়ি থেকে বের করে দিয়েছে পরিবারের লোকজন। আমরা এখন কী করবো? দ্রুত আমাদের টাকা ফেরত ও প্রতারকদের গ্রেফতার করা না হলে, আমরা আমরণ অনশন শুরু করবো।
এ বিষয়ে ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, সমিতির শুরুতে আমরা নারী সদস্যদের ওইখানে টাকা বিনিয়োগ করতে নিষেধ করি। তারা আমাদের কথা না শুনে উল্টো পুলিশ সদস্যদের লাঞ্ছিত করে। থানায় কেউ অভিযোগও করছে না। অভিযোগ পেলে দ্রুত গ্রেফতার করা হবে। প্রতারকরা গ্রামের অসচেতন নারীদের টার্গেট করে ওই সমবায় সমিতি গড়ে তোলে।
উল্লেখ্য, শনিবার (১২ ডিসেম্বর) সকালে ৩৫ লাখ টাকা নিয়ে সংগঠনের ক্যাশিয়ার ও দুইজন ট্রেইনারসহ ৩জন পালিয়ে যায়। ওইদিন উপজেলার রেলগুন্টি মোড়ে অবরোধে থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টাকা উদ্ধারের ব্যাপারে আশ্বস্ত করলে ভুক্তভোগীরা অবরোধ তুলে নেয়। ভুক্তভোগীরা এবার দ্বিতীয়বারের মতো সড়ক অবরোধ করেন।








