মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে রাজশাহী মহানগরীর সাত ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে মহানগর এলাকার সাত জনকে দুই হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) সকাল থেকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, আরডিএ মার্কেট ও বড়কুঠির সামনে অভিযান পরিচালনা করা হয়। “নো মাস্ক, নো সার্ভিস” বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। জনসচেতনতা ছাড়া কোভিড-১৯-এর সংক্রমণ রোধ করা সম্ভব নয়। তাই সংক্রমণ রোধে সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনও ব্যক্তি মাস্ক না পরলে সরকারি কার্যালয়ে সেবা পাবেন না, এমনকি বাজার থেকে পণ্যও কিনতে পারবেন না। জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে।
করোনার সংক্রমণ রোধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।








