বগুড়ার ধুনটে জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত কৃষক মওলা বক্স (৫৫) মারা গেছেন। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১ জানুয়ারি উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, এ ব্যাপারে আগেই মামলা হয়েছে। এখন তাতে হত্যার ধারা যুক্ত হবে। ১২ আসামির মধ্যে নয় জন আদালত থেকে জামিনে আছেন। অপর তিন জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধুনট উপজেলার কাশিয়াহাটা গ্রামের মওলা বক্সের সঙ্গে ৯৩ শতক জমির মালিকানা নিয়ে প্রতিবেশী মৃত জমসেদ আলী সরকারের ছেলে গোলাম মর্তুজার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বসলেও সমাধান হয়নি। গত ১ জানুয়ারি সকাল ৯টার দিকে মওলা বক্স লোকজন নিয়ে ওই জমিতে চাষাবাদ করতে যান। তখন গোলাম মর্তুজা ও তার লোকজন এতে বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হলে মওলা বক্সসহ উভয়পক্ষে আট জন আহত হন। তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়। মওলা বক্সের অবস্থার অবনতি হলে তাকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যার দিকে তিনি মারা যান। ঘটনার রাতেই ধুনট থানায় দু’পক্ষে পাল্টাপাল্টি মামলা হয়েছিল।
মওলা বক্সের মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।









