ভোলার চরফ্যাশন উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আশরাফুল আলম টুলু (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মনির হোসেন নামে আরও একজন আহত হয়ে হাসপাতালে রয়েছেন। রবিবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে চরফ্যাশন পৌর এলাকার শরীফপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল মিঞা এ তথ্য নিশ্চিত করেন।
নিহত আশরাফুল আলম টুলু লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি ওই ইউনিয়নের মাহে আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইউপি সদস্য দুপুর সাড়ে ১২টার দিকে মনির হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে চরফ্যাশনে যান। চরফ্যাশন পৌর শরীফপাড়া এলাকায় পৌঁছলে একটি টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে আশরাফুল আলমের মৃত্যু হয়। আহত মনির হোসেন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওসি জানান, এ ঘটনায় পুলিশ টেম্পুটিকে জব্দ করলেও ড্রাইভার পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।









