দীর্ঘ দেড় বছর সাজা ভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ৭ বাংলাদেশি বালক। সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে তাদের হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ফেরত আসা বালকরা হলো, বাগেরহাট জেলার রায়েন্দানার মধ্য গ্রামের কবির সিপাইয়ের ছেলে আরিফ সিপাই (১৪), যশোর জেলার কেশবপুর উপজেলার ঘগা গ্রামের আব্দুল হালিমের ছেলে সাদিক হোসাইন গাজি (১৬),সাতক্ষীরা সদর উপজেলার সেলার ডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে রহমত আলী (১৪), সাতক্ষীরার সদর উপজেলার বক্সসারা পশ্চিমপাড়া গ্রামের রশিদ উদ্দিনের ছেলে জাহিদুল শেখ (১৫), গোপালগঞ্জ সদরের মিনাক্ষের গ্রামের অনুকুল করের ছেলে চন্দন কর (১৬), যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আবুল হোসেন (১৬), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ধান সাগর গ্রামের মহারাজ মোল্লার ছেলে মফিজুল মোল্লা (১৫)।
বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল হামিদ জানান, দেশে ফেরত আসা এই ৭ বাংলাদেশি দেড় বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে কলকাতার আলীপুর এলাকায় অবৈধভাবে ঘোরাঘুরির এক পর্যায় পুলিশের হাতে তারা আটক হন। সেখান থেকে পুলিশ তাদের জেল হাজতে পাঠায়। ভারতের আদালত তাদের সাজা দেয়। সেখান থেকে কলকাতার দক্ষিণেশ্বর দূর্বাশ্রম শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘রিপেট্রিয়েশন’ এর মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।
তিনি আরও জানান, ৭ বালককে পোর্ট থানায় হস্তান্তর করেছে বিজিবি। সেখানে আইনি প্রক্রিয়া শেষে যশোর মহিলা আইনজীবী সমিতির এরিয়া কোয়ার্ডিনেটর এবিএম মুহিত হোসেন তাদের নিয়ে যান। পরে তাদের নিজ নিজ অভিভাবকের হাতে তুলে দেন।
/জেবি/
/আপ: আরএ/








