গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি বসতবাড়িতে হঠাৎ বিস্ফোরণে দুজন নিহত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আফজাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন– ওই বাড়ির মালিক বোরহান উদ্দিন (৩৬) এবং তার প্রতিবেশী অহেদুল মিয়া (৪০)। বোরহান উদ্দিন ওই গ্রামের কাশেম মিয়ার ছেলে এবং অহেদুল মিয়া একই গ্রামের কবির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে ওই বাড়িতে হঠাৎ করে বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে ওই বাড়িতে গিয়ে বোরহান ও অহেদুলকে মৃত অবস্থায় দেখতে পান তারা। বিস্ফোরণের ঘটনায় বাড়িতে থাকা আরও দুই জন গুরুতর আহত হন। বিস্ফোরণে ওই বাড়ির ঘরের টিনের চাল উড়ে গেছে। তবে স্থানীয়দের ধারণা, অপরিচিত কেউ ওই বাড়িতে ঢুকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে।
এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। বর্তমানে পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে।
আফজাল হোসেন জানান, দুই জনের মৃত্যু বিস্ফোরক জাতীয় কিছু থেকে নাকি বোমা বিস্ফোরণে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হতে বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। পরীক্ষা-নীরিক্ষার পরেই ঘটনাটি নিশ্চিত হওয়া যাবে।









