বগুড়ায় করোনাভাইরাসে বুধবার দুপুর পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও আট জন মারা গেছেন। এ সময় নতুন করে ১২৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯৪ জনে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিরা হলেন– বগুড়া সদরের নূর বানু (৪৫), সুরেশ চন্দ্র (৬৫), অতুল দেবনাথ (৬০), শাহনাজ পারভীন (৪০), গৌরচরণ (৬৭), নাটোরের আবদুস সাত্তার (৬৫), হেলাল হোসেন (৫৮) ও নওগাঁর আলতাফ হোসেন (৫৫)। তাদের মধ্যে নূর বানু, সুরেশ, অতুল ও হেলাল বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে, সাত্তার ও আলতাফ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং শাহনাজ ও গৌরচরণ টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাব এবং টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১২৭ জন পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে রয়েছেন– বগুড়া সদরে ৭৮ জন, আদমদীঘিতে ১৩ জন, দুপচাঁচিয়ায় ১০ জন, গাবতলীতে সাত জন, শিবগঞ্জে ছয় জন, সারিয়াকান্দিতে পাঁচ জন, শাজাহানপুরে পাঁচ জন, নন্দীগ্রামে দুজন এবং শেরপুরে একজন।
সূত্র আরও জানায়, জেলায় শনাক্তের হার ৩৭ দশমিক ৭৯ ভাগ। এ সময় সুস্থ হয়েছেন ৬১ জন। জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৩৯ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৬১২ জন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৩ জন।









