বাদীকে না জানিয়ে নিরপরাধ ব্যক্তিকে আসামি করার অভিযোগ

খুলনা প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১০:১৪আপডেট : ১০ জুলাই ২০২১, ১০:১৪

খুলনা মহানগরীর মুন্সীপাড়ায় গত ২৮ জুন রাতে স্কুলছাত্রী (১৩) ওষুধ কিনতে গিয়ে ‘অপহরণের’ শিকার হয়। ঘটনার পর তার মায়ের করা অপহরণ মামলা থেকে জানা যায়, বিয়ের জন্য উত্ত্যক্তকারী মোল্লাহাটের দুই যুবক তাকে খুলনা থেকে ফুসলিয়ে ওই রাতে অপহরণ করেছে। তবে এ মামলার ৩ নম্বর আসামি মোল্লাহাটের ইব্রাহিম মোল্লা (৫৮) নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে আসামি করা হয়েছে। মামলাটি সাজাতে বাদীকে সহায়তাকারী স্থানীয় প্রভাবশালী বাগেরহাট জেলা পরিষদ সদস্য অলিউজ্জামান জমির শত্রুতা মেটাতে এ কাজ করেছেন।

এ বিষয়ে মামলার বাদী বলেন, ‘মামলাটিতে মেয়েকে অপহরণ করা দুই ছেলে ও তার বাবাকে আসামি করা হয়। কিন্তু পরবর্তী সময়ে কী করে তাদের বাবার নাম বাদ গিয়ে ইব্রাহিম মোল্লার নাম আসলো তা বুঝতে পারলাম না।’

অভিযোগ প্রসঙ্গে মামলায় সহায়তাকারী অলিউজ্জামান বলেন, ‘আমি একজন জনপ্রতিনিধি হয়ে নির্দোষ ব্যক্তিকে আসামি করতে পারি না। তাই ওই দুই ছেলের অপরাধের জন্য তাদের বাবাকে আসামি করা হয়নি। বরং ঘটনায় পেছন থেকে ইন্ধন দেওয়ার কারণে ইব্রাহিম মোল্লার নাম মামলায় আনা হয়েছে।  বাদী যেভাবে চেয়েছেন, সেভাবেই মামলা করা হয়েছে। মেয়েকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলে মামলা প্রত্যাহার করে নেওয়া হবে।’

বাদীর স্বামী খুলনা জেলখানার কারারক্ষী বলেন, ‘নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নিখোঁজ হওয়ার পর খুলনায় বসবাসকারী পরিচিত অলিউজ্জামান সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। তার থানায় ভালো পরিচয়। তার কথামতো স্ত্রী হেলেনাকে তার সঙ্গে মামলা করতে পাঠাই। মামলায় সন্দেহভাজন দুই ভাই ও তাদের পিতা মুকিতকে আসামি করার পরামর্শ দিই। কিন্তু পরে দেখি মুকিতকে বাদ দিয়ে আমাদের গ্রামের বাসিন্দা ইব্রাহিম মোল্লাকে আসামি করা হয়েছে। অথচ তিনি এর সঙ্গে জড়িত নন। এটা কেন হলো তা বুঝতে পারছি না।’

এদিকে চিরকুমার ইব্রাহিম মোল্লা দাবি করেন, ‘অলিউজ্জামান বিভিন্ন সময় খাস জমি দখলের চেষ্টা চালালে আমি তা প্রতিহত করি। এ কারণেই আমাকে ফাঁসাতে বিভিন্ন সময়ে পরিকল্পিত ছলনার আশ্রয় নেন সে। এর আগেও একটি মিথ্যা যৌতুকের মামলায় জেল খাটায়। বিয়ে না করে যৌতুকের মামলার আসামি হয়েছি। কিন্তু পরে আদালত বাদীকেই খুঁজে পায়নি। সম্প্রতি এলাকার আরেকটি মারামারির জের ধরে হয়রানি করতে আমাকে আসামি করে ২২ দিন জেল খাটিয়েছে। এবারের ঘটনা খুলনা শহরে আর আমি থাকি মোল্লাহাটের একটি গ্রামে, অথচ আমাকে ফাঁসাতে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়েছে অলিউজ্জামান। আমি যতদূর জানতে পেরেছি, বাদীর অজ্ঞাতে অলিউজ্জামানই আসামি হিসেবে আমার নাম অন্তর্ভুক্ত করেছে।’

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২৮ জুন রাত সাড়ে ৮টার দিকে ওষুধ কেনার জন্য ওই স্কুলছাত্রী বাসার পাশে মুন্সীপাড়া দ্বিতীয় গলির ওষুধের দোকানে যায়। সেখান থেকে রাত পৌনে ৯টার দিকে একটি সাদা মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় ৫ জুলাই স্কুলছাত্রীর মা হেলেনা বেগম মামলা দায়ের করেন। এ মামলার পর ওইদিনই ২নং আসামি মো. মোস্তফাকে খুলনার হেরাজ মার্কেট এলাকা থেকে পুলিশ আটক করে। একই সঙ্গে তাকে জেল হাজতে পাঠানো হয়। কিন্তু ইব্রাহিম মোল্লা এখন পলাতক রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী