সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের খুরের আঘাতে আবদুল মান্নান (৩৮) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। রবিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের পেয়ারাতলা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
আবদুল মান্নান কাশিয়াডাঙ্গা গ্রামের আলী বক্সের ছেলে। তিনি আসন্ন ইউপি নির্বাচনে (স্থগিতকৃত) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের (চশমা প্রতীক) সমর্থক।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কাশিয়াডাঙ্গার পেয়ারাতলা মোড়ে গত শনিবার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ কর্মী আবদুল মান্নান বালতিতে খিচুড়ি বিতরণ করছিলেন। এ সময় খিচুড়ি কম দেওয়া নিয়ে একই এলাকার আবু হানিফের মধ্যে তার তর্ক-বিতর্ক হয়।
এর জেরে রবিবার রাত ৮টার দিকে আবু হানিফের নেতৃত্বে ৭-৮ জন আবদুল মান্নানকে বাড়ি থেকে ডেকে কাশিয়াডাঙ্গা বাজারে নিয়ে যায়। এরপর খিচুড়ি বিতরণের সময় তার সঙ্গে খারাপ আচরণ করার কারণ জানতে চান। কথা কাটাকাটির একপর্যায়ে খুর দিয়ে আবদুল মান্নানকে জখম করেন আবু হানিফ। স্থানীয়রা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে লিতুন জেরা বলেন, ‘দোয়ার অনুষ্ঠানে খিচুড়ি বিতরণ করা নিয়ে বাবার সঙ্গে আবু হানিফের ঝামেলা হয়েছিল। এ নিয়ে সালিশের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আমার বাবাকে খুর মেরে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবি করছি।’
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, আবদুল মান্নানকে হত্যার ঘটনায় আবু হানিফ ও তার বাবা মুজিবর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।









