ঠাকুরগাঁওয়ের হরিপুরে আমগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হাকিম উদ্দিন (৪৮) নিখোঁজের ঘটনায় হরিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নির্বাচনের দুই দিন আগে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানান স্বজনরা। বৃহস্পতিবার নিখোঁজ প্রার্থীর ভগ্নীপতি মুনসেফ আলী তার সন্ধান চেয়ে হরিপুর থানায় এই জিডি করেন।
এদিকে, প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে একজন নিখোঁজ থাকার পরও বৃহস্পতিবার ওই ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম।
জিডি সূত্রে জানা যায়, ইউপি সদস্য প্রার্থী (ফুটবল মার্কা) আব্দুল হাকিম মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল ৩ টার সময় নির্বাচনি প্রচারণার জন্য বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তার ব্যবহৃত ফোনে কল দিয়ে বন্ধ পান। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করার পর কোনও সন্ধান পাওয়া যায়নি।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিখোঁজ আব্দুল হাকিমকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’









