রাজশাহীর দুর্গাপুর উপজেলার সুখানদিঘী গ্রামে মুখে টর্চলাইটের আলো পড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মন্টু মিয়া (২৪) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
মন্টু মিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী গ্রামে নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, সোমবার রাতে মন্টু, অনীক, ফাহিমসহ কয়েকজন তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তায় পাশ দিয়ে মোহনপুর উপজেলার ধড়সা গ্রামের মৃত আবু বাক্কারের ছেলে কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বন্ধন এবং তার বন্ধুরা যাওয়ার সময় মুখে টর্চলাইটের আলো পড়ে। মুখে আলো পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক বাকবিতন্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কি বাঁধে। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল থেকে বন্ধন তার সহপাঠীসহ নিজ এলাকার বন্ধু জোগাড় করে কালিগঞ্জ পার হাট এলাকায় সংঘবদ্ধ হয়ে থাকে। এরপর মঙ্গলবার বেলা ১২টার দিকে কালিগঞ্জ বাজারে সবজি ব্যবসায়ী মন্টু মিয়া আসলে বন্ধনসহ অন্যরা তাকে মারপিট করার পর উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী আহত মন্টুকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, ‘মুখে টর্চলাইট মারাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে মন্টু মিয়ার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।’








