শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে জেলা আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শামীমকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে সভায় ৩২ জন সদস্য উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গঠনতন্ত্রের ৪৭(৯) ধারা মোতাবেক তাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।
এ বিষয়ে কাজী আজাদ জাহান শামীম বলেন, ‘ময়মনসিংহের বিভিন্ন উপজেলার কমিটি গঠনকে কেন্দ্র করে একটি অনলাইন পোর্টালে বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যে বলেছিলাম, ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় কমিটি গঠন করা হচ্ছে। সম্মেলন না করে সমাবেশের মাধ্যমে সেসব কমিটি করা হচ্ছে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বেশ কিছু সদস্য এবং কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জড়িত আছেন। পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে তৃণমূলের নেতারা বঞ্চিত হচ্ছেন এবং আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড দুর্বল হয়ে পড়ছে।’
তিনি আরও জানান, অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় এবং সত্য কথা বলার কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করেন। তিনি দলে আছেন, ভবিষ্যতেও থাকবেন।
এদিকে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আসাদ জাহান শামীমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার খবর ছড়িয়ে পড়ায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।









