ময়মনসিংহর ধোবাউড়ায় ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে ওই বৃদ্ধাকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বিকালে জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়।
অভিযুক্ত আবু হানিফ উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের রাউতি মাইজপাড়া এলাকার মৃত আব্দুর রহিম খাঁর ছেলে।
গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন রবিবার রাতে ওই বৃদ্ধা বাদী হয়ে ধোবাউড়া থানায় আবু হানিফকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে।
মামলার বিবরণ অনুযায়ী ওসি টিপু সুলতান জানান, ওই বৃদ্ধার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। ঘটনার দিন রাতে ওই বৃদ্ধা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে আবু হানিফ ওই বৃদ্ধার ঘরে ঢুকে জোর করে ধর্ষণ করে এবং এই ঘটনা কাউকে বললে খুন করার হুমকি দেয়। পরে বিষয়টি জানাজানি হলে ওই বৃদ্ধা আত্মীয়দের সহায়তায় থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ওসি জানান, ওই বৃদ্ধার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ওইদিনই মামলা রুজু করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধার সঙ্গে আবু হানিফের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে সে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে আবু হানিফ পলাতক। তাকে গ্রেফতার করতে একাধিক টিম কাজ করছে।
এদিকে, এ ধর্ষণের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।









