রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার সঙ্গে এক কর্মীর মোবাইল ফোনে কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। ইতোমধ্যে ওই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই অডিও ফোনালাপে ওই কর্মীকে আপত্তিকর প্রস্তাবের পাশাপাশি ভয়ভীতিও দেখানো হয়।
জানা যায়, দীর্ঘ আট বছর পর চলতি বছরের (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে সাকিবুল ইসলাম রানাকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক হয়। কমিটি ঘোষণার পর থেকে ছাত্রলীগ নেতা রানার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি, ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এই ছাত্রলীগ নেতা।
সম্প্রতি রানার কথোপকথনের এই অডিও ফাঁস হয়েছে। চার মিনিট ২৯ সেকেন্ডের ওই অডিওতে এক নারী ছাত্রলীগ কর্মীকে আপত্তিকর প্রস্তাব দেন রানা। এ ছাড়া ওই কর্মীকে ভয়ভীতি দেখাতে শোনা যায় রেকর্ডে। দুজনের ফোনালাপের এক পর্যায়ে রানা বলেন, ‘বহুত বড় চিটারি-বাটপারি কইরে আমি প্রেসিডেন্ট হইছি, বুঝতে পারিছো? সব চিটারের দলের সরদার আমি।’ এরপর রানা আপত্তিকর কথাবার্তা বলেন।
ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ
সম্প্রতি রাজশাহী কলেজ মুসলিম হল ছাত্রদলের কমিটির একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। ওই তালিকায় দেখা যায়, হল ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে বর্তমান ছাত্রলীগ সভাপতি রানার নাম রয়েছে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর সঙ্গে ছাত্রদল নেতাদের একটি ছবিতেও দেখা যায় রানাকে।
রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মুর্তজা ফামিন গণমাধ্যমকে বলেন, ‘রানা রাজশাহী কলেজ ছাত্রদলের নেতা। কলেজের মুসলিম হল শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। আমাদের সঙ্গে ছাত্রদলের মিছিল-মিটিং করতেন।’
এসব বিষয়ে বক্তব্য জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।









