অনৈতিকভাবে নির্বাচিত সরকার দেশের মানুষের ওপর চেপে বসেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এ সরকার নির্বাচিত সরকার নয়, তারপরও দেশের জনগণের ওপর আইন কানুন ও শাসন চাপিয়ে দিচ্ছে, যে কারণে দেশের জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এমন আচরণ করছেন, জনগণের ওপর নির্যাতন চালাচ্ছেন তাতে গোটা দেশের মানুষ অস্থির হয়ে উঠেছে। তিনি গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের যুগ্ম-মহাসচিব শাহজাহান, নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবন্দ বক্তব্য রাখেন।
/বিটি/টিএন/







