বিএনপির গণসমাবেশ এবং আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। শনিবারের (১৫ অক্টোবর) এ ঘটনায় বিএনপির অজ্ঞাত তিন থেকে চারশ নেতাকর্মীর নামে এ মামলা করা হয়।
শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সোমবার সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীরা মহানগরের কৃষ্ণচূড়া চত্বরে আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটান। সে সময় কর্তব্যরত জিআরপি থানার এসআই রাশেদুল ইসলামসহ চার জন আহত হন। পুলিশের ওপরে হামলা এবং বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।








