সিলেটের জৈন্তাপুরে মোক্তার হোসেন (৩৬) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
মোক্তার উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের রহমত উল্লার ছেলে।
জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের সংযোগ সড়ক তেলিজুরী রাস্তার সন্নিকটে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, মোক্তার হোসেনের সঙ্গে একটি পক্ষের পূর্ব শত্রুতা রয়েছে। ইতোপূর্বে ২০১৬ সালে মোক্তার একটি শিশুর পিঠ কেটে ফেলেছিল। সে সময় এলাকাবাসী মোক্তারকে ধরে পুলিশে দেন। স্থানীয় আরও মানুষের সঙ্গেও মোক্তারের বিরোধ রয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধে তাকে হত্যা করা হয়।’









