যশোরের মণিরামপুর-রাজগঞ্জ সড়কের মান্দারতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। মণিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান জানান, বুধবার রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মণিরামপুর উপজেলার মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২) এবং মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৮)।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
স্থানীয় সূত্র ও ফায়ার ফাইটার সোহেল রানা জানান, একটি মোটরসাইকেলে দুই যুবক রাজগঞ্জ থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন। মান্দারতলা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মণিরামপুর থানার ওসি বলেন, ‘নিহত দু যুবকের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চাইছে। প্রয়োজনীয় কাগজপত্র পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’









