হিম বাতাস ও ঘন কুয়াশায় চুয়াডাঙ্গায় দাপট দেখাচ্ছে শীত। দিনের বেলায় সূর্যের দেখা মিলছে, তবে সন্ধ্যারাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় মোড়ানো থাকছে চারপাশ। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে, কুয়াশা ও ঠান্ডায় মাঠের ফসলের ক্ষতির আশঙ্কা করেছে কৃষকরা। তারা বলছেন, এখন মাঠে ধানের বীজতলা তৈরির কাজ চলছে। এ ছাড়া আলু, ভুট্টাসহ অন্যান্য ফসলও ক্ষেতে রয়েছে। কুয়াশার কারণে এসব ফসলের ক্ষতি হচ্ছে।
সদর উপজেলার হাতিকাটা গ্রামের চাষি মহিবুল আলম জানান, রাতে ফসলের ক্ষেতে ব্যাপক কুয়াশা পড়ছে। আলুর ক্ষেতে পলিথিন দিয়ে কুয়াশা রোধ করতে হচ্ছে। এজন্য উৎপাদন খরচ বাড়ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। এজন্য তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে আছে। এই কুয়াশা কেটে গেলে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।









