কুষ্টিয়ার মিরপুরে ভেজাল ও নিম্নমানের সার বাজারজাত করার দায়ে মিলন আহমেদ (৩২) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে একলাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (৯ জানুয়ারি) বেলা ২টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মিলন আহমেদ মিরপুর পৌরসভার থানাপাড়া মহল্লার কামাল উদ্দিনের ছেলে।
মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মিলন ২০২০ সালে স্থানীয় থানাপাড়া এলাকায় ম্যারিকো অ্যাগ্রোভেট নামে সার মোড়কজাত করার লাইসেন্স নেন। এরপর নিম্নমানের ভেজাল সার বাইরে থেকে সংগ্রহ করে মোড়কজাত করেন। এরপর সেটি বাজারে বিক্রি করেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরও জানান, সারের বিষয়ে সন্দেহ হলে সেটি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষা করে ভেজাল শনাক্ত হয়। ভেজাল সারের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জানান, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭(২)(ঘ)/১৭(৩) ধারায় অপরাধে দোষী সাব্যস্ত হাওয়ায় সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে একলাখ টাকা জরিমানা করা হয়।









