চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন কারখানার বিস্ফোরণ এয়ার স্যাপারেশন কলাম থেকে ঘটেছে– এমন ধারণা করছেন দুর্ঘটনার তদন্তে গঠিত কমিটি। রবিবার (৫ মার্চ) দুর্ঘটনার স্থান পরিদর্শন শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।
অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: লাশ নিতে মর্গের সামনে অপেক্ষা স্বজনদের
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, কারখানায় বিস্ফোরণ এয়ার স্যাপারেশন কলাম থেকে ঘটেছে। তারপরও তদন্ত শেষ হলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসকের নির্দেশে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে বিভিন্ন সংস্থার সদস্যরা রয়েছেন। রবিবার দুপুরে তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ দুর্ঘটনা কী কারণে ঘটতে পারে, কী হয়েছে, এ নিয়ে আমরা বৈঠকে পর্যালোচনা করি। বৈঠক শেষে আমরা সীতাকুণ্ডে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে যাওয়ার পর আরও বেশ কিছু নতুন বিষয় আমাদের সামনে আসে। সেখানে মালিকপক্ষের লোকজন, কারখানার শ্রমিক এবং কারখানার পার্শ্ববর্তী লোকজনের সঙ্গে কথা বলেছি। তাদের বক্তব্য রেকর্ড করেছি। হাসপাতালে যারা আহত তাদের সঙ্গে কথা বলেছি।’
তিনি বলেন, ‘কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে? ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন– সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা রিপোর্ট জমা দিতে পারবো বলে আশা করছি।’
এ সময় তদন্ত কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।









