ট্রাফিক আইন নিয়ে সামাজিক সচেতনতার লক্ষ্যে লক্ষ্মীপুরে ছাত্রলীগের উদ্যোগে ১০০ নেতাকর্মীর মধ্যে হেলমেট বিতরণ করা হয়েছে। রবিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকায় আলোচনা সভায় তাদের হেলমেট বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন। এ সময় মোটরসাইকেল রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও আরোহীদের হেলমেট ব্যবহারে জোরালো আহ্বান জানান প্রধান অতিথি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব ও যুবলীগ নেতা রাকিব হোসেন লোটাস প্রমুখ।









