শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা ও পুলিশের অতর্কিত রাবার বুলেট নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিক্ষক নেতৃবৃন্দ।
রবিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ নিন্দা জানান।
বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, ‘এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।’
প্রসঙ্গত, শনিবার (১১ মার্চ) বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পরে বিজিবি মোতায়েন করা হয়।









