যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে সুব্রত দাস (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। অভয়নগর থানার এসআই হরষিত রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সুব্রত দাসের বাবার নাম পশুপতি দাস। সে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
মৃতের বাবা পশুপতি দাস বলেন, ‘আমার তিন মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুব্রত বাড়িতে খালি পায়ে বিদ্যুতের বাল্বের হোল্ডার লাগাচ্ছিল। অসাবধানতাবশত তারের লিকের জায়গায় হাত লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অথই সাহা বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে।’
ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তারক বসু বলেন, ‘সুব্রত দাস অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে অত্যন্ত নম্র, ভদ্র ও মেধাবী ছাত্র ছিল। শ্রেণিতে তার ক্রমিক নম্বর ছিল ৫।’









