কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে এক আরসা সন্ত্রাসীসহ তিন জনকে গ্রেফতার করেছে এপিবিএন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উখিয়ার ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পের ৯ নম্বর ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– ১৮ নম্বর ক্যাম্পের মৃত মোহাম্মদ জলিলের ছেলে হাফিজ উল্লাহ ওরফে হাফিজুর রহমান (২০), একই ক্যাম্পের আমির হাকিমের ছেলে নুর ইসলাম (৩৫) এবং মৃত সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ জাবের (৩১)। তাদের মধ্যে হাফিজ উল্লাহ মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠী আরসার সন্ত্রাসী এবং হত্যা মামলার আসামি।
ফারুক আহমেদ বলেন, ‘১৮ নম্বর ক্যাম্পে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এপিবিএনের একটি টিম মোহাম্মদ জাবেরের চায়ের দোকান ঘিরে ফেলে। সে সময় অস্ত্রধারী আরসা সন্ত্রাসী এবং হত্যা মামলার আসামি হাফিজ উল্লাহ ওরফে হাফিজুর রহমান এবং তার দুই সহযোগী নুর ইসলাম ও মোহাম্মদ জাবেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশে তৈরি শর্টগান, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড রাইফেলের গুলি এবং ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।’
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ।








