কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে গোলাগুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়া (৩২) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) এ তথ্য জানান ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. ফারুক আহমেদ। এর আগে সকালে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত লালাইয়া ১৩ নম্বর তানজিমারখোলা ক্যাম্পের নুরুল আমিনের ছেলে। তিনি আরসার সক্রিয় কমান্ডার ছিলেন।
মিডিয়া কর্মকর্তা মো. ফারুক আহমেদ জানান, ‘মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নম্বর ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়। উপস্থিতি টের পেয়ে এ সময় এপিবিএনকে লক্ষ্য করে গুলি চালায় আরসার সদস্যরা। আত্মরক্ষার্থে এপিবিএনও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে কমান্ডার লালাইয়ার লাশ উদ্ধার করা হয়।’
তিনি আরও জানান, ‘পরে তল্লাশি চালিয়ে আরসার তিনজন সদস্যকে আটক করা হয়। এ সময় একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় দুইজন পুলিশ সদস্যও আহত হয়েছে।’
আটক আরসা সদস্যরা হলেন- মোহাম্মদ তাহের (৪৫), জামাল হোসেন (২০) ও (৩) লিয়াকত আলী (২৫)।
নিহতের লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং হামলাকারীদের ধরতে পুলিশের যৌথ অভিযান চলছে।’









