পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত পণ্য আমদানি-রফতানি বন্ধের সিন্ধান্ত নেওয়া হয়েছে। হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপ এবং বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে বৈঠক করে এই সিন্ধান্ত নিয়েছে।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘টানা ছয় দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দেওয়া হলেও সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে।’
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, ‘ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ নেই। ওই সময়ে যথারীতি অন্যদিনের মতোই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।’









