চাঁপাইনবাবগঞ্জে সাত কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ কথিত ‘মাদক সম্রাট’ শফিকুল ইসলাম লাদেনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় সীমান্তবর্তী চরআলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রামে র্যাব-৫ এবং বিজিবির যৌথ অভিযানে হেরোইনসহ লাদেনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
লাদেন কোদালকাটি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী কোদালকাটি গ্রামে বুধবার রাতে লাদেনের বাড়িতে অভিযান চালায় র্যাব-৫ এবং বিজিবির একটি দল। সে সময় লাদেনের বসতবাড়ির টয়লেটের ট্যাংকের পেছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব হেরোইন জব্দ এবং তাকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ হেরোইনের মূল্য সাত কোটি ১৩ লাখ টাকা।
র্যাব আরও জানায়, আসামি লাদেন ওই অঞ্চলের ‘হেরোইন আমদানির গডফাদার’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হেরোইন বেচাকেনার অভিযোগে চারটি মামলা রয়েছে।
এদিকে, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয় লাদেনকে।









