সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম আনারুল ইসলাম (৫০)। শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ছাদ থেকে পড়ে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টায় তিনি মারা যান।
আনারুল সদর উপজেলার খানপুর ইউনিয়নের মৃত মাওলা বক্সের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই নির্মাণশ্রমিক সাতক্ষীরার দক্ষিণ পলাশপোল এলাকায় আজগর আলী নামে এক ব্যক্তির ভবনের দোতলায় জমে থাকা পানি অপসারণের কাজ করছিলেন। অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









