ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে খাইরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মো. জয়নাল আবেদীন জানান, শুক্রবার রাতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে মাদক উদ্ধার অভিযানে যায়। সেখানে শিবনগর এলাকায় অভিযান চালানোর সময় এক মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ কনস্টেবল খাইরুল ইসলামকে ছুরি দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যায় সে। আহত পুলিশ সদস্যকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থায় অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আওয়াতিফ জানান, খাইরুলের পেটে ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।









