বগুড়ার ধুনটে নিখোঁজ প্রথম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী আল মায়েদা আকতার রজনীর (৮) লাশ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিহত শিশু রজনী ধুনট উপজেলার এলাঙ্গী পশ্চিমপাড়ার গাজীউর রহমান তালুকদারের মেয়ে। সে এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো। বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে এলাঙ্গী বাজারের দিকে যায় শিশুটি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার বাবা শুক্রবার দুপুরের দিকে এ ঘটনায় ধুনট থানায় সাধারণ ডায়েরি করেন। পরে রাত ৮টার দিকে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ধুনট থানা পুলিশ লাশটি উদ্ধার করে। শিশুটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহত শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে। তবে এলাকাবাসীর ধারণা, পরিবারের সঙ্গে বিরোধের জেলে শিশু রজনীকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে।









