ভোলায় আমির হোসেন নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের অন্তর্বাসের (আন্ডারওয়্যার) ভেতর থেকে ৫ হাজার ৭৫০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জুন) সকালে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাকে আটক করে।
আটক বৃদ্ধের নাম আমির হোসেন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১৭নং কারপাড়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, জিজ্ঞাসাবাদে আমির হোসেন নামে ওই বৃদ্ধ জানিয়েছেন, ওই ইয়াবা ট্যাবলেট তিনি চট্টগ্রাম থেকে কিনে ভোলার চরফ্যাশনে বিক্রির জন্য আনছিলেন। প্রায়ই তিনি চট্টগ্রাম থেকে ভোলায় মাদকদ্রব্য সরবরাহ করতেন।
ওসি জানান, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা অভিযান চালিয়ে আমিরকে গ্রেফতার করেন। পরিহিত আন্ডার ওয়্যারের মধ্যে তিনি ওই ইয়াবা বহন করেছিলেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে।









