উৎসবমুখর পরিবেশে চলছে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। তবে এই উৎসবে বাগড়া দিয়েছে বৃষ্টি। ভোট শুরু হওয়ার তিন ঘণ্টা পরই শুরু হয় বৃষ্টি। বুধবার (২১ জুন) বেলা ১১টা থেকে শুরু হওয়া বৃষ্টি চলে পৌনে ১২টা পর্যন্ত।
বৃষ্টির আগে প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল অনেক। বৃষ্টি না থামলে ভোটার উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে, সকল প্রতিবন্ধকতা মাড়িয়ে অন্তত ৬০ শতাংশ ভোট কাস্টিং হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাসিক নির্বাচনে এবার মেয়র পদে ৪, ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১২ ও ১০টি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর হিসেবে লড়ছেন ৪৬ জন প্রার্থী। মেয়র পদে একজন সরে দাঁড়িয়েছেন।
নগরীর মোট ১৫৫টি ভোটকেন্দ্রের এক হাজার ১৫৩টি কক্ষে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া জরুরি বিবেচনায় তিনটি অস্থায়ী ভোটকেন্দ্র এবং ১৬২টি অস্থায়ী ভোটকক্ষ প্রস্তুত রেখেছে কমিশন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন। আর নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভোটার ৬ জন। এবার নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।









