দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটো এলাকায় ডাকাতের গুলিতে মো. হারুন (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শনিবার (২৪ জুন) সন্ধ্যায় সোয়েটো এলাকার মিডল্যান্ডসে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতদের হামলার শিকার হয়ে প্রাণ হারান ওই বাংলাদেশি।
মো. হারুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দীঘির পাড় এলাকার শহীদ ডাক্তার বাড়ির আবিদ মিয়ার ছেলে। সাত ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন হারুন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তার প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. হানিফ বলেন, ‘নিজের বড় ভাইদের মধ্যে দুই জন আফ্রিকায় থাকার সুবাধে এবং জীবিকার সন্ধানে আট বছর আগে আফ্রিকায় যান হারুন। সেখানে ভাইদের সহযোগিতায় সোয়েটো এলাকায় নিজে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। গত আট বছরে দুবার দেশে এসে ঘুরে গেছেন হারুন।’
‘সবশেষ ২০২০ সালে বাংলাদেশে আসার পর কয়েক মাস থেকে পুনরায় আফ্রিকায় চলে যান তিনি। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন হারুন। এ সময় স্থানীয় কয়েকজন অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। ডাকাতদল হারুনকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন তিনি। পরে ডাকাতরা চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।’
এদিকে হারুনের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হারুনের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁর পরিবার।








