নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পুকুর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তিন মেয়েশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ১০-১১ বছর।রবিবার (২৫ জুন) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
তারা সবাই হোরগাঁও এলাকায় বসবাস করতো।
মৃত তিন শিক্ষার্থী হলো– রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া; নেত্রকোনা জেলার দুর্গাপুরের সালাম মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার; হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অচেতন অবস্থায় তিন শিশুকে এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতরা সবাই হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এখনও লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে।’









