নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) দুপুরে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মাসুম খানের ছেলে শাকিল খান (১৯) এবং পাবনার সুজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (১৯)।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের টিআই মোহাম্মদ ইব্রাহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের টিআই বিস্তারিত বলতে পারবেন।’
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, ‘দুজন মোটরসাইকেলে ঢাকার দিকে যাওয়ার সময় তারা ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাযন। পরে অজ্ঞাত একটি যানবাহন তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’









