সম্প্রতি বাংলাদেশ সফর করা কয়েকটি রাষ্ট্রের প্রতিনিধির আগামী সংসদ নির্বাচনের বিষয়ে বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বন্ধু রাষ্ট্রগুলোর নানা ধরনের মত থাকতে পারে। কিন্তু এখানে কে এসে কী বলে গেলেন, সেটি বড় বিষয় নয়। তবে তাদের মধ্যে কোথাও ভিন্ন কোনও মত দেখছি না। সবাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষেই কথা বলছেন।’
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এ অনুষ্ঠানে আগামী নির্বাচন প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘আমাদের নির্বাচন নিয়ে কোনও ধরনের অনিশ্চয়তা নেই। প্রতিটি দেশ নিজস্ব আইন অনুযায়ী নির্বাচন করে। যারা আমাদের এখানে এসে দেখা করছেন, তাদের দেশেও একইভাবে হয়। আমাদের সংবিধান আছে, সুষ্ঠুভাবে নির্বাচন করার সব ব্যবস্থা আছে। যথাসময়ে, যথানিয়মে আইন-কানুন মেনে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে।’
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী দু-তিন বছরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দৃশ্যমান হবে। শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে শিখছে, বড় এক পরিবর্তন এসেছে, তা এখনই দৃশ্যমান।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা বন বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম।









