চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছ গণনা। রবিবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে এক টানা চলে বিকাল ৪টা পর্যন্ত।
এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৩৮ এবং নারী দুই লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়া এ আসনে ২৩ জন ভোটার আছেন তৃতীয় লিঙ্গের।
নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হলেও নির্বাচন নিয়ে কোনও অভিযোগ ছিল না প্রার্থীদের।
নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভুঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত ও গণমুক্তি জোটের রশিদ মিয়া।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে রিটানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোনও ধরনের লিখিত কিংবা মৌখিক অভিযোগ আমার কাছে আসেনি। ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। ফলাফল এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম থেকে ঘোষণা করা হবে।’
সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে গত ৮ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি এ আসন থেকে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।








