চট্টগ্রামে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত বিটুমিন চোরাচালান চক্রের চার জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ আগস্ট) জেলার সীতাকুণ্ডের সোনাইমুরী ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. দিদারুল ইসলাম (৩৫), মো. দেলোয়ার হোসেন খান (৪২), কবির (৪২) এবং মো. তাজুল ইসলাম (৬১)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সীতাকুণ্ড থানাধীন সোনাইমুরী ফকিরহাট এলাকায় নিজাম উদ্দিন এবং আকবর আলীর জায়গায় কতিপয় ব্যক্তি অবৈধ উপায়ে বিটুমিন মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে এসব বিটুমিন ক্রয়-বিক্রয় করে আসছে। তবে গ্রেফতারকৃতরা এসব বিটুমিন কেনার বৈধ কোনও কাগজপত্র/চালান দেখাতে পারেনি। এ সময় গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে ৮৫৪টি ড্রাম এবং দুটি ড্রাম ট্রাক থেকে সর্বমোট ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিন এবং বিটুমিন পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। জব্দকৃত চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা ’
র্যাব-৭ এর অভিযানে গত ২০২২ সালের ৩ জানুয়ারি একই গ্রুপের চোরাই বিটুমিন চক্রের সক্রিয় তিন সদস্যকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন বাংলা বাজার এলাকা থেকে প্রায় ১৬ হাজার লিটার চোরাই বিটুমিনসহ আটক করা হয়। চলতি বছরের ২ জুন একই গ্রুপের চোরাই বিটুমিন চক্রের আরও এক সদস্যকে ৫৩ মেট্রিক টন বিটুমিনসহ সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সোনাইছড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি তেলের ডিপো থেকে আটক করা হয়।








