কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে আজম আলী (৫০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাজির বাজার এলাকায় ওই শিক্ষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।
আজম আলী চিলমারী উপজেলার থানাহাট এ ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইনস্ট্রাক্টর পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আজম আলীর প্রতিবেশী ও স্থানীয় দোকানি জুয়েল বলেন, ‘শুক্রবার দুপুরে আজম আলী তার বাড়ির পানি সরবরাহের পাম্প মোটরের বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। পরে তার ভাতিজা সহিদুল তাকে ডাকতে গিয়ে পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
ওসি গোলাম মর্তুজা বলেন, ‘ওই শিক্ষকের মৃত্যুতে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’









