১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লার এক আওয়ামী লীগ নেতা। জেলার দেবিদ্বার উপজেলাজুড়ে টানা ১৫ দিন মিলাদ মাহফিল, দোয়া ও কাঙালিভোজের আয়োজন করেছেন তিনি। এ উপলক্ষে উপজেলার ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ২০টি গরু এবং ৪০টি ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার নবিয়াবাদ ইউনিয়নের নবিয়াবাদ এলাকার কুমিলা মডেল কলেজ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও কাঙালিভোজের জন্য গরু ও ছাগল বিতরণ করা হয়। এ সময় প্রতি ইউনিয়ন ও পৌরসভায় আনুষঙ্গিক খরচ বাবদ নগদ অর্থও বিতরণ করা হয়।
এ ছাড়াও কুমিল্লা জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা শ্রমিকলীগ ও উপজেলা মৎস্যজীবী লীগকে একটি করে গরু ও দুটি করে ছাগল বিতরণ করা হয়। যা দিয়ে বঙ্গবন্ধুসহ পরিবারের সবার রুহের মাগফিরাত কামনায় ১৫ দিন ব্যাপী দোয়া ও কাঙালিভোজের আয়োজন করা হবে।
ইউনিয়ন চেয়ারম্যানরা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে এসব সামগ্রী বিতরণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘জাতির পিতা না থাকলে আমরা আজ বাংলাদেশ নামক ভূখণ্ড পেতাম না। জাতির পিতা আমাদের মাঝে নেই। সেই শোক কখনও ভুলবার নয়। ১৫ আগস্ট শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব সদস্যের রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ ও কাঙালিভোজের আয়োজনে প্রতিটি ইউনিয়নে আমার এই ক্ষুদ্র প্রয়াস।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুল আউয়াল, সদস্য আলমগীর কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবিরসহ ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।









