নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে বিএনপির ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করেছে পুলিশ। ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে বাহিনীটি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন৷ এর আগে সোমবার (২১ আগস্ট) বিকালে সোনারগাঁ থানার এসআই ফিরোজ আহমেদ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
গ্রেফতারকৃতরা হলেন, জামপুর ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম (৬২) ও বিএনপি কর্মী সুরুজ মিয়া (৫৫)। গ্রেফতার অন্য নেতাকর্মীদের নাম পাওয়া যায়নি।
পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, এজাহারভুক্ত দুই আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিএনপির নেতাকর্মী। শনিবার পুলিশের ওপর হামলা করেছেন তারা।
পুলিশ জানায়, গত শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
তবে বিএনপি নেতাদের দাবি, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এ ছাড়া রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে তারা। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।








