সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে জয় আহমদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর মগবাজারের বাসিন্দা। সোমবার (২৮ আগস্ট) বেলা আড়াইটায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, জয়সহ আরও কয়েকজন সাদাপাথরে গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির প্রচণ্ড স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। পরে সহপাঠীসহ স্থানীয়রা প্রায় ২০ মিনিট পানিতে খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় তার সন্ধান পান।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, সাদাপাথরের পানিতে গোসল করতে গিয়ে জয় নামে এক পর্যটক পানির স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়। তাকে উদ্ধারের পর সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা জানিয়েছেন তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ তার লাশের সুরতহাল প্রস্তুত শেষে ওসমানী মেডিক্যালের মর্গে পাঠায়।
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাকেরা খাতুন লিপি জানান, পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যু হয়েছে। তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।








