চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন দুর্ঘটনায় তিন পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় ‘আলহামদুলিল্লাহ’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে পুলিশ বলছে, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে নয়; ওই যুবক নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি। এ কারণে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
গ্রেফতার ব্যক্তির নাম মো. বাপ্পি (৩০)। তিনি সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের শামসুর ছেলে। তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
গত ২৭ আগস্ট সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় থানার একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ঘটনাস্থলেই সীতাকুণ্ড থানার তিন পুলিশ সদস্য মিজান (৩৪), হোসেন (২৯) ও ইস্কান্দার (২৮) নিহত হন। আহত হন স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ শাহাদাত হোসেন, এসআই সুমন শর্মা (৩২) ও পিকআপ ভ্যানচালক কনস্টেবল সমর (২৬)। এ ঘটনায় মো. বাপ্পি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন–‘আলহামদুলিল্লাহ, সীতাকুণ্ড ট্রেনের ধাক্কায় তিন পুলিশ জয় বাংলা’। পোস্টটি তার ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়। যদিও পরবর্তী সময়ে এ পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৮ আগস্ট রাতে ফেসবুকে পোস্ট দেওয়া ব্যক্তি বাপ্পিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে জানতে পেরেছি। তবে তাকে পুলিশের মৃত্যুর খবরে ফেসবুকে “আলহামদুলিল্লাহ” লেখার কারণে গ্রেফতার করা হয়নি। তাকে নাশকতার অভিযোগে সম্প্রতি সীতাকুণ্ড থানায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলায় সন্দেহভাজন আসামি। এ কারণে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
সীতাকুণ্ড থানা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি খোঁজ-খবর নিয়েছি। গ্রেফতার বাপ্পি যুবদলের কোনও রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার কোনও পদপদবি নেই।’
উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন মিন্টু বলেন, ‘পুলিশের মৃত্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ব্যক্তি বাপ্পির বিএনপি, যুবদল, ছাত্রদল কিংবা অন্য কোনও সংগঠনে কোন পদ-পদবি নেই। তবে সমর্থক পর্যায়ের হতে পারে। তার সঙ্গে আমাদের সম্পৃক্ততা না থাকার কারণে বেশি কিছু বলতে পারছি না।’









